সংশয় দূর হোক – লেখক মো. মিকাইল আহমেদ
বই সম্পর্কে
- বই : সংশয় দূর হোক
- লেখক : মো. মিকাইল আহমেদ
- প্রকাশনী : দুর্বার পাবলিকেশন্স
- বিষয় : ইসলামি আদর্শ ও মতবাদ
- পৃষ্ঠা : 332
মহান স্রষ্টা পৃথিবীর আনাচে-কানাচে, জলে-স্থলে, মহাকাশে কিংবা পাতালে এত এত সব রহমত, বরকত ও রহস্য লুকিয়ে রেখেছেন যে, একজন মানুষের পক্ষে এর সব রহস্য ভেদ করা কোনোদিনই সম্ভব নয়। সমগ্র সৃষ্টির মধ্যে যা কিছু আমরা চাক্ষুষ দেখি, এরচেয়ে ঢের বেশি রহস্য লুকিয়ে রয়েছে যা আমরা দেখি না তার মধ্যে। নিশ্চয়ই আল্লাহর রহমত রয়েছে ওই নীল আকাশের মাঝে, যা কোনোরূপ খুঁটি ছাড়াই আমাদের মাথার ওপর এক সুরক্ষিত ছাদ হিসেবে অবস্থান করছে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত। নিশ্চয়ই আল্লাহর রহমত রয়েছে পেরেকসদৃশ পাহাড়- পর্বতের মাঝে, যা জমিনের খুঁটি হিসেবে কাজ করে।
রহস্য রয়েছে পাতালের ওই মাটির মধ্যে, যার ওপর দিয়ে নিশ্চিন্তে বিচরণ করছে প্রতিটি জীবজন্তু। আমাদের কোনোরূপ সুপারিশ ছাড়াই মহান স্রষ্টা, মহান প্রভু, মহান প্রকৌশলী এমন মজবুত গাঁথুনি দিয়েছেন যে, বিলিয়ন বিলিয়ন বছরের পুরোনো পৃথিবী তার সমগ্র সৃষ্টিজগৎ নিয়ে মাটির নিচে ডেবে যায়নি কখনো। নিঃসন্দেহে এই মাটির মধ্যেই রয়েছে নিগূঢ় কোনো রহস্য, যা থেকে উৎপন্ন হয় মানুষের জন্য উপকারী ফুল, ফল ও নানাবিধ বৃক্ষরাজি। যে বৃক্ষ থেকে উৎপন্ন হয় জীবন বাঁচানো অক্সিজেন। অক্সিজেন ও পানি ছাড়া একটা মুহূর্তও বেঁচে থাকা সম্ভব নয়। এ সকলই আল্লাহ অসীম কুদরতের মহিমা। এই মাটি থেকেই সৃষ্টি হয়েছে পৃথিবীর প্রথম মানব হজরত আদম আলাইহিস সালাম ।
এ সমস্ত কিছুই সংঘটিত হয় একমাত্র আল্লাহর ইশারায়। আল্লাহ চোখ দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য, বোধশক্তি দিয়েছেন চিন্তা করার জন্য। চোখের জ্যোতি থাকা সত্ত্বেও অন্ধ সেজে বসে থাকা, শ্রবণশক্তি থাকা সত্ত্বেও বধির সাজা, কুরআনের মধুর সুরে অন্তরকে বিগলিত করতে না পারা, অন্তর থাকা সত্ত্বেও উপলব্ধি না করা, বোধশক্তি থাকা সত্ত্বেও বিচার-বিবেচনা না করা, সত্যের বাণী আসা সত্ত্বেও পাগলের প্রলাপ বকা কোনো বুদ্ধিমানের কাজ নয়। সংশয়বাদের কোনো স্থান নেই। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মুহূর্তই অনন্য। কাকডাকা ভোর থেকে হিমশীতল স্নিগ্ধ সকাল, ভরদুপুরের তপ্ত রোদ থেকে উদাসী বিকেল, সন্ধ্যার আকাশে সাঁঝবাতির ঝলক থেকে মধ্যরাতে চাঁদের জোছনা; কিংবা সারাদিনের হাড়ভাঙা বিরামহীন পরিশ্রমের পর ক্লান্ত মানবের জন্য প্রশান্তির ঘুম স্রষ্টার সৃষ্টি-কৌশলের অনুপম দক্ষতার জানান দেয়।
আমার বিশ্বাস, এই বইয়ের প্রতিটি অধ্যায় পাঠকের হৃদয়ে দোলা দেবে। বিশ্বাসীর বিশ্বাসকে করবে দৃঢ়, বিশ্বাসের দেয়ালকে দেবে মজবুত গাঁথুনি। সংশয়বাদীদের সংশয়ের শ্যাওলাকে করবে ধুয়ে-মুছে পরিষ্কার। বিশ্বাসীর চিন্তাচেতনায় জন্ম নেবে হাজারো কৌতূহল। কারণ স্রষ্টা যেমন রহস্যময়, তেমনি তাঁর সৃষ্টিজগৎ। এক স্রষ্টার প্রতি নতি স্বীকারেই প্রকৃত প্রশান্তি লাভ করবে প্রতিটি অন্তর। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর অশেষ রহমতে ‘সংশয় দূর হোক’ বইটি লেখার কাজ সম্পন্ন করতে পেরেছি।
আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বইটির প্রকাশক ও সম্পাদক মহোদয়কে, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে বইটি আলোর মুখ দেখতে পেরেছে। আরও ধন্যবাদ জানাই যারা আমাকে বইটি লেখায় উৎসাহ জুগিয়েছেন। বইটিকে ত্রুটিমুক্ত রাখতে সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। তারপরও যদি কোনোরূপ ভুলত্রুটি থেকেই যায়, তাহলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখার জন্য পাঠকের প্রতি বিনীত অনুরোধ রইল। – মো. মিকাইল আহমেদ।
সংশয় দূর হোক মো. মিকাইল আহমেদের লেখা একটি ইসলামি বই। ঈমান-আকিদা নিয়ে পাঠকের মনে জাগা নানা প্রশ্ন ও সংশয়ের জবাব কুরআন-হাদিসের আলোকে তুলে ধরা হয়েছে এতে। বিশ্বাসকে দৃঢ় করতে চাওয়া পাঠকদের জন্য বইটি সহায়ক হবে।
সংশয় দূর হোক বইটির অরিজিনাল কপি সংগ্রহ করুন –
| রকমারি | | বইপাও
